১৩ ডিসেম্বর ২০২৩


গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস : বিপক্ষে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মঙ্গলবারের এই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ।অবশ্য যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

অন্যদিকে ভোটদান থেকে বিরত ছিল ২৩টি দেশ। যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই রেজোলিউশনটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসাবে কাজ করে থাকে।

জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল মঙ্গলবারের এই ভোটাভুটির পরে করা এক মন্তব্যে বলেছেন, ‘আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।’

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এএস // আতারা

শেয়ার করুন