১২ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করে বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ আরো ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে ।
সোমবার রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
এদিকে, সংঘর্ষের সময় আহত মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একসপ্তাহ পর তার চোখের অপারেশন করা হবে। তবে আহত অপর সাংবাদিক দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজার অবস্থা শংকামুক্ত বলে জানা গেছে।
উল্লেখ্য, রোববার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করেন বিএনপি নেতারা। মানববন্ধন শেষে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। পুলিশ ২৬৯ রাউন্ড রাবার বুলেট ও ২৯ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এসময় দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা ও মাইটিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ এবং ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন।