১১ ডিসেম্বর ২০২৩


সুনামগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

শেয়ার করুন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এওর মিয়া (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আকিক মিয়া (২৮) নামে মোটরসাইকেলে থাকা আরেক একজন গুরুতর আহত হয়েছেন। দুজন যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

নিহত এওর মিয়া দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন পশু চিকিৎসক ছিলেন। এ ঘটনায় আহত আকিক মিয়া আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে ওসমানী হাসপাতালের চিকিৎসকরা এওর মিয়াকে মৃত ঘোষণা করেন। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

শেয়ার করুন