১১ ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ লড়াইয়ে প্রায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার।এছাড়া ইসরায়েলি বর্বর এই হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যাও পৌঁছেছে প্রায় ৫০ হাজারে।
রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে ইসরায়েলি অভিযান অব্যাহত ছিল। এছাড়া উত্তর গাজাসহ বিমান হামলায় সমতল হয়ে যাওয়া এলাকাগুলোতে এবং ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানো এলাকাগুলোতেও ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
এএস // আতারা