১১ ডিসেম্বর ২০২৩


বছরে ২২ কোটি টাকার নৌকা বিক্রি করেন যে গ্রামের মানুষ

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সুমাগঞ্জ প্রতিনিধি : পানির সঙ্গে প্রতিনিয়তই যুদ্ধ করে বাঁচতে হয় সুনামগঞ্জবাসীর। জেলার হাওর অধ্যুষিত অঞ্চলগুলো বছরের অর্ধেকসময়ই জলমগ্ন থাকে। এ সময়টিতে হাওর পাড়ের ১০ লাখ মানুষের চলাচলের প্রধান বাহন নৌকা। যাতায়াতের গুরুত্বপূর্ণ এই বাহন তৈরিতে সকাল-সন্ধ্যা ঘাম ঝরান সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের ৩ হাজার মানুষ। বছরে প্রায় ২২ কোটি টাকার নৌকা বিক্রি করেন তারা।

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ ধরে মাইজবাড়ি গ্রামটিতে তৈরি হচ্ছে কাঠের নৌকা। গ্রামের প্রায় ৩ হাজারেরও বেশি মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম এটি। তবে নৌকা তৈরি করে ভাগ্য বদলায় না তাদের। নৌকা বিক্রির সব টাকা মহাজনের পেটে যাওয়ায় লাভবান হতে পারেন না এখানকার কারিগররা।

রোজবিহানে হাতুড়ির ঠক ঠক শব্দে ঘুম ভাঙে এ গ্রামের শিশু-কিশোরদের। সূর্য উঠার আগেই কারিগররা ব্যস্ত হয়ে ওঠেন নৌকা তৈরির কাজে। বছরজুড়েই নৌ কারিগরদের ব্যস্ততা।

ছবি : সংগৃহীত

এই গ্রামের নৌ কারিগর মুসাইদ আলী জানান, আমাদের গ্রামের মানুষ নৌকা তৈরি ছাড়া আর কোনো কাজ করতে জানে না। আমিও মহাজনের কাছ থেকে ধারদেনা করে দীর্ঘ ৪৫ বছর ধরে ছোট-বড় নৌকা তৈরি করে কোনমতে জীবন চালাচ্ছি। লাভবান হতে পারি না।

তিনি জানান,সুনামগঞ্জ-সিলেটসহ বিভিন্ন জেলার নদীতে কাজ করা শ্রমিকরা তার নৌকার ক্রেতা। সেইসঙ্গে পুকুরে মাছের খাবার দিতে, মাছ পরিবহনে, মাছ ধরতে ও বিভিন্ন খাল-বিল জলাশয়ে চলাচলের জন্য হাওর পাড়ের মানুষরা এসব নৌকা কেনেন।

ছবি : সংগৃহীত

শুধু মুসাইদ আলী নয়, এই গ্রামের প্রায় ৩ হাজার মানুষ নৌকা তৈরির কাজে নিয়োজিত। প্রতিমাসে এই গ্রাম থেকে ছোট-বড় প্রায় চারশতাধিক নৌকা বিক্রি করেন কারিগররা। প্রতিটি নৌকা ৪৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

গ্রামের বাসিন্দারা বলেন, মাইজবাড়ি নৌকার গ্রাম হিসেবে পরিচিত। কিন্তু যুগের পর যুগ নৌকা তৈরি করেও ভাগ্য বদলায় না এ গ্রামের মানুষের। সরকার যদি এই গ্রামের মানুষদের ব্যাংক লোন সহজ করে দিত,তাহলে তারা অনেক লাভবান হতে পারতেন।

জেলা প্রশাসক রাশেদ ইকবাল জানান, সুনামগঞ্জে নৌকার কদর বেশি৷ এখানকার মাইজবাড়ি গ্রামে নৌকা তৈরি করা হয়। ওই গ্রামের বাসিন্দাদের ভাগ্য বদলের জন্য জেলা প্রশাসন ব্যাংক লোনসহ সকল ধরনের সহায়তা করবে।

এএস // আতারা

শেয়ার করুন