১০ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পৌষের বাকি সপ্তাহখানেক।চলছে অগ্রহায়ণের শেষ সময়। এরই মধ্যে প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আমেজ। আর শীত মানেই নানা স্বাদের পিঠার উৎসব।শীতের আমেজে সিলেট শহরের অলি-গলির ফুটপাথে জমে উঠছে ভাপা ও চিতাই পিঠা বিক্রি। সন্ধ্যার পর পরেই ভাপা ও চিতাই পিঠা বিক্রির দোকানগুলোতে পিঠার স্বাদ নিতে ভিড় করেন বিভিন্ন বয়সের নানা শ্রেণিপেশার মানুষ।
আরও পড়ুন : স্বামীর খুঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী
সরেজমিনে দেখা যায়, নগরীর তালতলা, রিকাবীবাজার, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, জেলরোড, শিশুপার্ক, সোবহানীঘাট, নাইওরপুল, আম্বরখানা পয়েন্টসহ সবক’টি পয়েন্ট ও মুড়ে পিঠা বিক্রির ধুম চলছে। ভাপা পিঠার পাশাপাশি বিক্রি করছে চিতাই পিঠাও।
পিঠা বিক্রেতারা বলেন, ‘আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অবসর সময় বাড়তি আয়ের জন্য বিকেল বেলা পিঠা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নতুন চালের গুড়া ও নতুন খেজুরের গুড় দিয়ে খুব যত্নে পিঠা তৈরি করা হয়। পিঠাকে সুস্বাদু করার জন্য নারকেল ও গুড় ব্যবহার করা হয়। পিঠার সঙ্গে বাড়তি হিসেবে মরিচ, সরিষা, শুটকি, ধনেপাতা ও কালিজিরা ভর্তা ফ্রি দেওয়া হয়।’
আরও পড়ুন : হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আতিকের আপিল
সালিম উদ্দিন নামের একজন পিঠা খেতে খেতে বলেন, ‘সব ধরনের ক্রেতাদের দেখা যায় এখানে পিঠা খেতে আসেন। আবার কেউ কেউ বাড়িতে ছেলেমেয়েদের জন্যও পিঠা কিনে নিয়ে যান। ব্যস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সময় হয়ে ওঠে না। তাই এখানে সেই স্বাদ নেওয়ার চেষ্টা করছি।’
পিঠা বিক্রেতা খলিল মিয়া জানান, শীত আসতেই দোকানে কাজের চাপ অনেক। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। তবে শীত মাত্র শুরু। এ কারণে কেনাবেচা একটু কম।
এএস // আতারা