৯ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে শুক্রবার (৮ ডিসেম্বর) ইসিতে আপিলটি দায়ের করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
অভিযোগে বলা হয়, হাবিব দ্বৈত নাগরিক। তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিদেশি নাগরিক হওয়ায় তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
এদিকে গত রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইকালে হাবিব বৈধ প্রার্থী নির্বাচিত হন।
শুধু হাবিবের বিরুদ্ধেই নয়, ইসিতে আরও ১০ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন হয়েছে। বৈধ প্রার্থিতা বাতিলের আবেদন চাওয়া ১০ প্রার্থীর মধ্যে ৪ জনই আওয়ামী লীগের, ২ জন জাতীয় পার্টির এবং অপর ৪ জন স্বতন্ত্র।
জানা গেছে, আগামী রোববার (১০ ডিসেম্বর) থেকে আপিল আবেদন শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন (ইসি)।
এএস // আতারা