৮ ডিসেম্বর ২০২৩


ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালানসহ আটক ৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের ডিমসহ ৩৪ কেজি স্বর্ণের চালান আটক করা হয়েছে। এ ঘটনায় দুবাই ফেরত চার যাত্রীকে আটক দেখানো হয়েছে। আটকরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁদপুর গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মিশফা মিয়া, একই উপজেলার আছকর মিয়ার ছেলে আক্তারুজ্জামান, সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজারের নবাগ গ্রামের ইরন মিয়ার ছেলে শানু মিয়া ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বরদমহল গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান।

শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ চালান জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বিপুল এ স্বর্ণের চালানটি আটক করেন দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাষ্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে ও ২১ এ-বি-সি সিটের নিচ এবং টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। ২৮০টি স্বর্ণের বারের ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম এবং ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ১ কেজি ৫৯১ গ্রাম।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বলেন, সোনা রবারসহ কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমার কাছে এখনও বিস্তারিত তথ্য আসেনি।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধার সোনার মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এ ছাড়া ছয়টি পেস্ট করা সোনার ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন এক কেজি ৫৯১ গ্রাম। উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও বাথরুম থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন