৬ ডিসেম্বর ২০২৩


ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

মূলত অবৈধভাবে বসতি স্থাপনকারী ছাড়াও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ ও ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি আক্রমণসহ পশ্চিম তীরে স্থিতিশীলতা নষ্ট করে এমন যেকোনও পদক্ষেপের বিরোধিতা বারবারই করেছে যুক্তরাষ্ট্র।’

তিনি বলেন, ‘আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনতে ইসরায়েল সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন, এ ধরনের আক্রমণ অগ্রহণযোগ্য। গত সপ্তাহেও ইসরায়েল সফরকালে আমি স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা ব্যবহার করে এ ধরনের বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত।’

অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে ব্লিংকেন বলেন, ‘আজ স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম তীরে সহিংসতামূলক কাজ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় অধিকার, বিভিন্ন পরিষেবা ও মৌলিক অধিকার সীমাবদ্ধ করে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন ভিসা বিধিনিষেধ নীতি বাস্তবায়ন করছে। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতাভুক্ত হতে পারেন।’

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে ইসরায়েলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ইহুদি বসতি সম্প্রসারিত হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে সেখানে হামলা বেড়েছে এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে এই সহিংসতা আরও বেড়েছে।

শেয়ার করুন