৫ ডিসেম্বর ২০২৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত আরোহী মো.আওলাদ হোসেন (২০) উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলে করে নিজ বাড়ি যাচ্ছিলেন দুই আরোহী।হঠাৎ একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আওলাদ হোসেনের। এসময় সাইকেলের পিছনে থাকা রাসেল নামে অন্যজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওলাদকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।