৪ ডিসেম্বর ২০২৩


আচরণবিধি লঙ্ঘন : মাসুক উদ্দিনকে সতর্ক করেছেন আদালত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে মহড়া ও পথসভা করার অভিযোগ উঠেছে। মহড়ার কারণে সড়কে সৃষ্ট যানজটে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িও আটকা পড়ে। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টি। এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত হয়ে জবাবও দিয়েছেন তিনি। জবাব শুনে আদালত তাকে সতর্ক করেছে।

সোমবার সকালে সিলেটে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিয়েছেন তিনি।

সিলেট ৫ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আদালতের বিচারকের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছি। আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে সতর্ক করেছেন।

উল্লেখ্য, শ‌নিবার বেলা পৌনে ১২টার দিকে মাসুক উদ্দিন আহমদ শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনী মহড়া (শোডাউন) দেন এবং পথসভা করেন। এতে কানাইঘাট উপজেলার বাংলাবাজার থেকে জকিগঞ্জ সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ সময় নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন