৩ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে সিলেটসহ দেশজুড়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ।
আজ (রোববার) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে পালন হবে। বিএনপির সঙ্গে সঙ্গে সমমনা বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। তবে রাজনৈতিক কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গ্রেফতার হন। তাদের অনেকে এখন কারাগারে। গত ৩১ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিয়মিত বিরতিতে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দল এসব কর্মসূচি পালন করছে।
এএস // আতারা