৩০ নভেম্বর ২০২৩


তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললেন এম এম শাহীন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা সদরের মাগুরা গোশাগুল এলাকায় নিজ বাসায় মতবিনিময় সভায় মনোনয়ন ফরম ছিঁড়ে টুকরো করেন তিনি।

মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে এম এম শাহীন বলেন, যে দলের মা নেই, বাপ নেই, ঠিকানা নেই… সেই দলে আমি যেতে চাইনি। কিন্তু কুলাউড়ার মানুষের স্বার্থে সেই দলের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। যেহেতু আপনারা সেটি চাননি, তাই আমি তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললাম। আমি আর নির্বাচন করব না।

এ সময় নেতাকর্মীরা এম এম শাহীনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেন। নেতাকর্মীদের এ অনুরোধ তিনি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

জানা গেছে, মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে এম এম শাহীনের পক্ষে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নেতাকর্মীরা। পরে বুধবার তৃণমূল বিএনপির দলীয় মনোনয়নও পান তিনি। তবে মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলায় তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শেয়ার করুন