৩০ নভেম্বর ২০২৩


মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ (বৃহস্পতিবার,৩০ নভেম্বর)। গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মনোনয়ন জমা দেয়ার জন্য ১৫ দিন সময় দিয়ে আজ ৩০ নভেম্বর শেষসীমা বেঁধে দেন।

নির্বাচন কমিশনাররা বলেছেন, বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনে এলে এই তফসিল পুনর্বিবেচনা করবেন তারা। তবে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পথেও দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো অবস্থান না থাকায় তফসিলের সময় আর বাড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচনসংশ্লিষ্টরা।

 

এদিকে আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গতকাল বলেছেন, নির্বাচনের তফসিল পেছানো হলে আওয়ামী লীগ তা কোনোভাবেই মেনে নেবে না। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। ইচ্ছা করলে প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)।

উল্লেখ্য, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

 

এএস // আতারা

শেয়ার করুন