২৯ নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : আরও ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল।হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দফায় এই ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
অন্যদিকে হামাস আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে। সদ্য এই মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি এবং দুজন বিদেশি নাগরিক।
আনাদোলু সংবাদদাতা জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর রেড ক্রসের একটি বাস ১৫ নারী ও ১৫ শিশুকে নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে।
আর আইসিআরসি বলেছে, তারা ১২ জন বন্দিকে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তর করার কাজে সফলভাবে সহায়তা করেছে।তারা ইসরায়েলে পৌঁছেছেন।
এএস // আতারা