২৩ নভেম্বর ২০২৩


নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না : ইসি আনিছ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নিশ্চয়ই এটা আমাদের কাম্য হতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের নির্বাচন সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন আনিছুর রহমান।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, ‘একটি দল (বিএনপি) নির্বাচনে এলে নির্বাচন পেছানোর বিষয় বিবেচনা করা যাবে। তারা নির্বাচনে এলে আমরা বিবেচনা করবো। আমাদের সুযোগ আছে। পেছানোর কারণ যথেষ্ট সময় আছে। তবে এখন পর্যন্ত কারও কাছ থেকে ওইরকম আগ্রহ পাইনি।’

নিবন্ধিত শতভাগ রাজনৈতিক দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘ইতিহাস বলে নির্বাচনে কখনোই শতভাগ দল আসেনি। বেশিরভাগ দল নির্বাচন করে, সেটাই তখন নির্বাচনী আমেজ চলে আসে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, আমাদের নিবন্ধিত ৪৪টি দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।’ বিএনপি নির্বাচনে না এলে প্রভাব পড়ার কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ শতাংশ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ শতাংশ যদি হয়ে থাকে, যদিও কত শতাংশ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ শতাংশই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনো কারণ নেই।’

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সঙ্গে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ করেই হচ্ছে।’

অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

শেয়ার করুন