১০ এপ্রিল ২০১৮


শাবিতে বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন শুরু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে আয়োজিত এই উৎসবের রেজিস্ট্রেশন ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

সংগঠনটির উপদেষ্টা ও সিলেট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মানস কান্তি বিশ্বাস জানান, বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, মজার মজার পরীক্ষা প্রদর্শনের ও অংশগ্রহণের সুযোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করে তাদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা ও শিক্ষার্থীদের সত্যিকারের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানোর লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান উৎসব ২০১৮। উৎসবের প্রথম ও দ্বিতীয় দিন কার্টুন, সায়েন্স ফিকশন মুভি, মজার মজার পরীক্ষা প্রদর্শিত হবে। তৃতীয় দিন বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান মেলা’। এবং শেষের দিন থাকবে ‘ফান ডে উইথ সায়েন্স’। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী ক্রেডিট অর্জন করতে পারবে এবং সকল ক্রেডিট দিয়ে বৈজ্ঞানিক বই, পোস্টারসহ অসংখ্য জিনিস কিনতে পারবে।

তিনি আরো জানান, ‘বিজ্ঞান মেলা’ এবং ‘ফান ডে উইথ সায়েন্স’ এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম পর্যন্ত এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের http://bit.ly/love4Science এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের টেন্ট থেকে ফর্ম নেয়া যাবে। আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞান মেলার জন্য তিনজনের ক্ষেত্রে ৫০০টাকা ফি এবং ‘ফান ডে উইথ সায়েন্স’ এর ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আবেদন সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭৫০১৯৫০৭১ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

তিনি আরো জানান, উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যপাক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. মুহম্মদ কায়কোবাদ উপস্থিন থাকবেন। উৎসবে সহযোগী হিসেবে থাকবে ‘বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন’।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান নাহিদ, সংগঠনের সভাপতি ইব্রাহিম ফাহাদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০১১ সালে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ সরকারের একটি প্রজেক্ট হিসেবে কাজ শুরু করলেও ২০১৩ সালে সেটা শাবি’র স্বেচ্ছাসেবী বিজ্ঞান বিষয়ক সংগঠন হিসেবে অর্ন্তভূক্ত হয়।

(আজকের সিলেট/১০ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন