১৭ নভেম্বর ২০২৩
জৈন্তাপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্ত্রীর পর এবার প্রাণ গেল স্বামীরও। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়াকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনিও মারা যান।
এ ঘটনায় আহত সিএনজিচালক চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার শনিবারের জলসা স্থগিত
নিহতরা হলেন, সিলেট সদরের খাদিমপাড়া ৩ নম্বর রোড এলাকার মরহুম হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি অটোরিকশাচালক একই এলাকার তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫)।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুটি গাড়ি জব্দ করেছে।
এএস // আতারা