১৭ নভেম্বর ২০২৩
শায়খ আহমাদুল্লাহ। ফাইল ছবি।
জীবন ও ধর্ম ডেস্ক : সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিপ্লবী সংগীতের সুর বিকৃত করায় বিভিন্ন মাধ্যমে নজরুলপ্রেমীরা ক্ষোভ ঝাড়ছেন। এ বিষয়ে বাংলাদেশর জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে নিজের বক্তব্য জানিয়েছেন।
শায়খ আহমাদুল্লাহ লিখেন,’কাজী নজরুল ইসলামের একটি বিপ্লবী সংগীতের সুর বিকৃত করায় নজরুলপ্রেমীদের প্রতিবাদে ফেটে পড়তে দেখা যাচ্ছে। তাদের একই কথা—নজরুলগীতির সুর বিকৃত করে নজরুলের মৌলিকত্বকে নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।’
তিনি বলেন,’নজরুলপ্রেমীদের কষ্টের জায়গাটা আমরা বুঝতে পারছি। যিনি যা ভালোবাসেন, যে আদর্শ অনুসরণ করেন, তিনি সবসময়ই চান, সেই অনুসরণীয় বিষয়ের মৌলিকত্ব যেন অটুট থাকে। এটাই প্রকৃতির দাবি।’
আহমাদুল্লাহ বলেন,’একই নিয়ম ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য। ইসলামকে যারা ভালোবাসেন, তারাও চান, তাদের অনুসরণীয় ইসলাম যেন ইসলামবিদ্বেষী কিংবা ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিদের হাতে পড়ে বিকৃত না হয়। কেউ যদি বিকৃত করার চেষ্টা করে, তবে ইসলামপ্রেমীরা প্রতিবাদে ফেটে পড়েন, যেভাবে ফেটে পড়েছেন নজরুলপ্রেমীরা।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দুঃখের বিষয় হলো নজরুলপ্রেমীদের প্রতিবাদকে মৌলবাদিতা বলা না হলেও ইসলামপ্রেমীদের প্রতিবাদকে খুব সহজেই মৌলবাদিতা বলে দেয়া হয়। এটা এক শ্রেণির মানুষের পরিকল্পিত দ্বিচারিতা।
মূলত আপন আপন আদর্শে আমরা প্রত্যেকেই মৌলবাদী। দোষ হয় শুধু ইসলামপন্থীদের।’
এএস // আতারা