১৫ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের দাবিতে গেল কয়দিন থেকে সিলেটসহ দেশজুড়ে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনারা। মঙ্গলবার ভোর ৬ টায় চতুর্থ দফার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে তাদের। একদিন বিরতি দিয়ে ফের আজ (বুধবার) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ।
আরও পড়ুন : অবরোধে শান্তিগঞ্জের হাট-বাজারে কমেছে বেচাকেনা
ভোর ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে পঞ্চম দফার অবরোধ কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় আজকের সিলেটকে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর ও মহানগরের সকল ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী এবং মুক্তিকামী সিলেটবাসীর প্রতি সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার বিশেষ আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত,আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গত জুলাই থেকে এক দফা আন্দোলনের ডাক দেয় বিএনপি।
আরও পড়ুন – গৃহবধূ পপির ঝুলন্ত লাশ : স্বামী ও ভাসুর আটক
গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় দলগুলো, যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হয়েছে।
এএস // আতারা