১২ নভেম্বর ২০২৩


সিলেটেসহ দেশজুড়ে বিরোধী দলের চতুর্থ দফা অবরোধ শুরু আজ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ (রোববার) থেকে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসী ও বিএনপি সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

 


একইসঙ্গে তিনি জানান, সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

এর আগে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের দেশব্যাপী অবরোধ এবং পরের কয়েক ধাপের বিভিন্ন কর্মসূচিতে সিলেটে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এসব ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় ১৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গেল ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

এরপর থেকে খণ্ড খণ্ডভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি, জামায়াতসহ সমমনারা।

 

এএস // আতারা

শেয়ার করুন