১১ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসলে আনোয়ারুজ্জামান চৌধুরীকে এ আশ্বাস দেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছিয়ে দেওয়ার জন্য নির্বাচন অপরিহার্য। সাংবিধানিক বাধ্যকতা থাকার কারণে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সকল দলকে আহবান জানিয়েছেন। কোন দল যদি অংশ গ্রহণ না করে অন্যরকম ধ্বংসাত্মক করার চেষ্টা করে; প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
এএস // জনি