৭ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ একদশক পর সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আরিফ যুগের অবসান হচ্ছে আজ (মঙ্গলবার)। নগরভবনের চেনা চেয়ারে আজ থেকে আর বসতে দেখা যাবে না জননন্দিত এই মেয়রকে। টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ছেন তিনি। একই দিনে নগরপিতার আসনে বসবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
নতুন মেয়র ও তার পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আজ বিকেলে নগর ভবন প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করেছে সিসিক।
দুপুর আড়াইটার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেবেন। এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগদান করবেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন বলেন, ‘মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন মেয়র ও তার পরিষদকে বরণ করে নেওয়া হবে। এ উপলক্ষে নগর ভবন চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। নানা শ্রেণি-পেশার নাগরিকরা এই আয়োজনে উপস্থিত থাকবেন।’
এএস // আতারা