২৬ আগস্ট ২০২৩
ক্রীড়া ডেস্ক : বার্সেলোনায় চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্লাবটির অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি।
কাতালান ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০২৫ সাল পর্যন্ত বর্তমান চুক্তি ছিল টের স্টেগেনের। সেটি বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকার চুক্তি করেছেন তিনি। নতুনি চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, নতুন এই চুক্তিতে বেতন কমানোর জন্যও রাজি হয়েছেন এই গোলরক্ষক। বার্সেলোনায় টের স্টেগেনের পথচলা শুরু হয় ২০১৪ সাল থেকে।
তখন থেকে এই পর্যন্ত খেলেছেন ৩৭৯ ম্যাচ। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় চতুর্থ স্থানে আছেন এই জার্মান।
কাতালানদের হয়ে টের স্টেগেন জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। যার মধ্যে রয়েছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা।