৬ নভেম্বর ২০২৩


দ্বিতীয় দফা অবরোধের শেষ দিন আজ: সিলেটে নেই অবরোধের প্রভাব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দিন আজ। দলটি বলছে- এটি তাদের ‘ডু অর ডাই’ আন্দোলন। দাবিগুলোর মধ্যে প্রধান হচ্ছে- বর্তমান সরকারের পদত্যাগ। যদিও অবরোধ ডেকে ‘ডু অর ডাই’ আন্দোলনের খুব একটা মাঠে নেই দলের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ শেষ করতে না পেরে পরদিন হরতালের ডাক দেয় দলটি। পরে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের টানা অবরোধের ডাক দেয় বিএনপি। কিছুটা উত্তপ্ততার মধ্যদিয়ে ওই তিন দিনের অবরোধ হয়েছে শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে।

তাদের দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফা রবিবার (৫ নভেম্বর) থেকে ৪৮ ঘন্টার অবরোধ-কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে জামায়াতও অবরোধ পালন করছে। অবরোধের দ্বিতীয় বা শেষ দিনে সোমবার সকাল ৮টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে- সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল শুরু করছে। দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে চলাচল শুরু করেনি আঞ্চলিক সড়কগুলোর কোনো বাস।

এদিকে, বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে অন্যান্য দিনের মতো আজও মাঠে রয়েছে পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এছাড়া সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব-৯। বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে সিলেটসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন- জনসাধারণের জান-মালের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এসময় আতঙ্কিত বা উদ্বীগ্ন না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন