৪ নভেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক: নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন তিনি। এবার গুঞ্জন উঠেছে, খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হওয়ায় গ্রেফতার করা হয়েছে উরফিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভাইরাল ভায়ানি’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুই জন মহিলা পুলিশ আধিকারিক উরফিকে দোকানের বাইরে ডেকে আনেন।
এরপর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন। কেন তাকে থানায় যেতে বলা হচ্ছে? উরফির প্রশ্ন শুনে একজন পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ পুলিশের সঙ্গে কিছু ক্ষণ বাকবিতণ্ডার পর উরফিকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায় ওই দুই মহিলা পুলিশ আধিকারিককে। পুলিশের গাড়ির কাছে একজন পুরুষ পুলিশ আধিকারিক থাকলেও তাকে উরফির কাছে যেতে দেখা যায়নি।

এদিকে উরফিকে গ্রেফতারের ঘটনার সত্য কি না এখনও জানতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম। তবে সে অপেক্ষায় নেই তার অনুরাগীরা। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। সেখানে উরফিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন তার অনুরাগীরা।