১০ জুন ২০২৩


কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের শান্তি সমাবেশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ৩ মে থেকে চলা সহিংসতায় শান্তি প্রতিষ্ঠিত হওয়ার দাবিতে শান্তি সমাবেশ করেছেন মণিপুরিরা। শুক্রবার দুপুরে মণিপুরি কমিউনিটি নেতা এল ইবুংহাল শ্যামল এর সভাপতিত্বে ও অয়েকমপ অঞ্জুর পরিচালনায় মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সমাবেশের করা হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ.কে শেরাম, মাইবাম বীরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত, শিক্ষিকা বৃন্দারানী সিনহা, থোঙাম প্রহল্লাদ, এল প্রসেনজিৎ, সোরাইজাম উৎপল, অশোক অঙোম, হাওবম সুধীর, থাংজম সুখ প্রমুখ। শান্তি সমাবেশে মণিপুরে দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটিয়ে পূর্ণ শান্তি ও দ্রুত আগের মতো সাম্প্রদায়িক পরিবেশ প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানান তারা।

বক্তারা বলেন, ভারতের মণিপুর রাজ্যে কুকি জনগোষ্ঠীর লোকেরা অতর্কিতে সেখানের মণিপুরি জনগোষ্ঠীর ওপর আক্রমণ করে তাদের ঘরবাড়ি জ্বালানোসহ জানমালের ক্ষতি করে। মণিপুরিরাও একইভাবে প্রতি-আক্রমণ করে। ফলে এই দুই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়। মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্যারা-মিলিটারি বাহিনী আসাম রাইফেলসসহ কেন্দ্রীয় মিলিটারি বাহিনীও নিয়োগ করে। মণিপুরে সহিংসতার এ পরিস্থিতিতে সেখানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয় সেজন্যে বাংলাদেশের মণিপুরিদের উদ্যোগে সর্বজনীন শান্তি সমাবেশ করছি। মণিপুরে দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটিয়ে পূর্ণ শান্তি ও দ্রুত আগের মতো সাম্প্রদায়িক পরিবেশ প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন