২ নভেম্বর ২০২৩


যুবদলনেতা জিলু নিহতের ঘটনায় মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনব্যাপী অবরোধের প্রথম দিন পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলু (৪০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাতে নিহতের ভাগনা ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

জানা যায়, অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদলের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে অবস্থান নেন। তখন পুলিশ তাঁদের ধাওয়া করলে সবাই দৌঁড়ে পালাতে থাকেন। এ সময় দিলু আহমদও সঙ্গে থাকা মোটরসাইকেলে স্থান ত্যাগ করতে রওনা হলে তার মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে দিলু গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁদের গাড়িতে করে দিলুকে নিয়ে যায়। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে বিকালে দিলুর মৃত্যু হয়।

দিলুর ভাই মো. বুলু মিয়া বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে দিলু সবার ছোট। দিলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানান তিনি।

ময়নাতদন্ত শেষে দিলুর লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বিকালে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে অবরোধের পাশাপাশি হরতালও পালন করে যুবদল।

আজকের সিলেট ডটকম / ২ নভেম্বর/ এসভি/জে.এস/ঘ. ০৪.৫৫

শেয়ার করুন