৩১ অক্টোবর ২০২৩
কমলগঞ্জ সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিকারের সরঞ্জামসহ ১২টি বিরল প্রজাতির টিয়াপাখি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এগুলো উদ্ধার করে।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, আদমপুর ইউনিয়নের কালেঞ্জী, কোনাগাঁও, পূর্ব জালালপুরসহ বিভিন্ন গ্রামের শিকারির বাড়ি থেকে তিনি এগুলো উদ্ধার করেন। তবে এ সময় পাখি শিকারি কাউকে পাওয়া যায় নি। পরে সোমবার সকালে বনবিভাগকে খবর দিলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়াপাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখিগুলো মধ্যে কিছু বিরল প্রজাতি রয়েছে। টিয়াপাখিগুলো ছোট এবং পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
পাখিগুলো সুস্থ হলে উড়াল শেখার পর অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
এএস // আতারা