৩০ অক্টোবর ২০২৩
নিউজ ডেস্ক: রবিবার সিলেটে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ৫৩৯ নেতাকর্মীকে আসামি করে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এই পাঁচটি মামলার মধ্যে ৩টির বাদী পুলিশ এবং ২টির বাদী ভুক্তভোগী দুই ব্যক্তি।
সোমবার কোতোয়ালি থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ মামলায় ৬৯ জনকে এজাহারনামীয় এবং অন্তত ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে । এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সরকার এক দফা দাবিতে গতকাল রবিবার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট সকাল ৮টার পর থেকে দুপুরের পর পর্যন্ত স্থানে স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। পুলিশের দাবি, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।
আজকের সিলেট ডটকম / জেকেএস