১৯ আগস্ট ২০২২
মিজান মোহাম্মদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ফিরে : হবিগঞ্জের নবীগঞ্জে ভারত সরকারের অর্থায়নে মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজীর স্মরণে হচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা শিশু পার্ক’। ইতিমদ্যে এই পার্কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তারা নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের এই আত্মদানের বিনিময়েই পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই সূর্য সন্তানদের সম্মানে কিছু করতে পারলে আমার বাবা প্রয়াত সংসদ সদস্য, মা-মাটি ও মানুষের নেতা দেওয়ান ফরিদ গাজীর প্রতি সম্মান জানানো হবে। কারণ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তিনি বলেন, এই শিশু পার্ক নির্মাণে ভারত সরকার সোয়া কোটি টাকা দেবে। যদি ৩/৪ কোটি টাকাও লাগে সেই টাকাও তারা দেবে বলে আশ্বস্ত করেছেন। এখন আমাদের করণীয় সুন্দর একটি পরিকল্পনা। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।