২৯ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে রোববার বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে সিলেটজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে সিলেটে ঢিলেঢালা হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রূপ বদলাচ্ছে পরিস্থিতি ।
বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বিএনপি-জামায়াতের। এসময় ৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর হরতালে পিকেটিংকালে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সবশেষ বেলা ২ টার দিকে আজকের সিলেটের মাঠকর্মীরা জানান,সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করছে আন্দোলনকারীরা।

এদিকে জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় হরতালবিরোধী মিছিল করছে ছাত্রলীগ। এর আগে বেলা ১১টার দিকে বন্দরবাজারে শান্তিসমাবেশ করেছে আওয়ামী লীগ। থমথমে এই পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে পুলিশ ও র্যাব।
পরিস্থিতি অস্বাভাবিক থাকায় নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে যান চলাচল বন্ধ রেখেছেন। যানশূন্য সড়কে বিপাকে পড়েছেন জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষজন। উপায় না থাকায় অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন নিজ গন্তব্যে।
এএস // আতারা