২৭ অক্টোবর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজার চালান ঢাকায় পার্সেল করার সময় পুলিশের জালে আটকা পড়েছে দুজন।
আটককৃতরা হলেন- উপজেলার গাজিপুর ইউনিয়নের গনকীরপাড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আব্দুল খালেক (৪০) ও একই এলাকার সিএনজি চালক মৃত হাছান আলীর ছেলে মো. কাউছার মিয়া (২৬)।
এ সময় বিশেষ কায়দায় শুকনা পাতার গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে কস্টেপ মোড়ানো ৭৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, পার্শ্ববর্তী দেশ থেকে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা আনছে একটি চক্র। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া হচ্ছে তা। ঝুঁকি বিবেচনায় গাঁজা পরিবহনের জন্য ২০-৩০ হাজার টাকা নিয়ে থাকে চক্রের সদস্যরা। আব্দুল খালেক (৪০) ও মো. কাউছার মিয়া (২৬) এ চক্রের দুজন সদস্য।
চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা কলেজ রোডে চেকপোস্ট বসিয়ে অটোরিকশাসহ তাদের দুজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল হোতা এখনো অধরা। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।
শুক্রবার (২৭ অক্টোবর ) দুপুরে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক। তিনি জানান, চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য-নতুন কৌশল অবলম্বন করছে। কখনো পিক-আপ বা ট্রাকে করে
আবার কখনো সিএনজি করে গাঁজা নিয়ে আসছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খালেক ও কাউছার কুরিয়ার মাধ্যমে গাঁজার চালান ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় পাঠানো হয়। তাদের কাছ থেকে সিন্ডিকেটের সদস্যরা গাজা কিনে নেয়। ৭৫ কেজি গাঁজার চালানটি ঢাকার এক মাদক ব্যবসায়ীর কাছে কুরিয়ার করার কথা ছিল।