২৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি। সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০) ও সাভার হেমায়েত পুরের তোলাতলি মোহাইমিন (২৭),মৌলভীবাজারের কুলাউড়ায় সুলেমান (৪০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসুদ খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ও সন্ধ্যায় দুর্ঘটনা ৩টি ঘটে । এদিকে এদিন সকাল ১০টায় দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম জানান, একটি পিকআপে করে কিছু পর্যটক শাহজালাল মাজার জিয়ারত শেষে জাফলং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল ৯ টার দিকে জৈন্তাপুরের কাটাগাং নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। দুর্ঘটনায় আরও ১০জন আহত হয়েছেন বলেও জানান তিনি ।
কুলাউড়া থানার এস আই হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পথে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে সুলেমানের লাশ বের করে। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদার, আজ সন্ধায় সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেলে করে রাণীগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন মাসুদ খান। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক অনন্তপুট নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এএস // আতারা