২৩ অক্টোবর ২০২৩
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের কাছে বিক্রির জন্য নৌকায় নানা পণ্য নিয়ে ঘুরছেন সুরুজ মিয়া ও তাঁর ছেলে রুবেল। সম্প্রতি হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় । ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : রোজসকালে নিজের ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে হাওরে আসেন সুরুজ মিয়া (৪০) নামের এক যু্বক। বাবা-ছেলে মিলে ছোট্ট একটি নৌকায় ঘুরে হাওরেই দিন পার করেন তারা। মূলত নৌকাটি একটি ভাসমান দোকান। হাওরে আসা পর্যটকদের কাছে দিনভর এটা-সেটা বিক্রি করেন বাবা-ছেলে। এতে যে আয় হয়, তা দিয়েই চলে সংসার।
শুধু সুরুজ মিয়া একা নন, তাঁর মতো আরও অনেকে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে এভাবে বর্ষায় ছোট ছোট নৌকায় ঘুরে ভাসমান দোকান দিয়ে সংসার চালান। বড়দের পাশাপাশি অনেক শিশুরাও এভাবে নৌকায় ভাসমান দোকান নিয়ে ঘোরে হাওরে। কারও নৌকা নিজের, আবার কেউ নৌকা ভাড়া করে আনেন। পর্যটকদের জন্য বর ্ষাকালীন ছয় মাস এভাবে ভাসমান দোকান দেন তারা। কেউ কেউ আবার পর্যটকদের কাছে লাইফ জ্যাকেট ভাড়া দেওয়ার কাজ করেন।
হাওরের জয়পুর গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া বলেন, বর্ষায় হাওরে মাছ ধরা আর শুকনা মৌসুমে কৃষিকাজ করেন তিনি। মা, স্ত্রী আর তিন ছেলেমেয়ে নিয়ে ছয়জনের সংসার। নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে শ্রমিকের কাজ করেন। এখন বর্ষায় হাওরে মাছও মেলে কম। তাই নৌকা নিয়ে অন্যদের মতো দোকান দিয়েছেন। সুরুজ বলেন, নৌকা ভাড়া এনেছেন, দিনে ১৫০ টাকা দিতে হয়। সারা দিনে সব বাদে ৫০০-৬০০ টাকা থাকে।

হাওরের জয়পুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৩৫) চার বছর ধরে এখানে নৌকায় দোকান নিয়ে ঘোরেন। বর্ষা মৌসুমেই মূলত এ দোকান দেন তিনি। এর আগে হাওরে থাকা কিছু জমিতে বোরো ধান লাগান। হাওরের জমিতে যে ধান পান, তাতে সংসার চলে না। নৌকায় দোকান দেওয়ার আগে দিনমজুরি করতেন। এখন এই দোকানের আয়েই সংসার চলে। সিরাজুল ইসলাম জানান, হাওরের জয়পুর, গোলাবাড়ি, নতুনপাড়া, ছিলান তাহিরপুরসহ কয়েকটি গ্রামের লোকজন বর্ষায় এখানে দোকান দেন। প্রতিদিনই দোকান নিয়ে এলেও মূলত বেচাবিক্রি বেশি হয় ছুটির দিনে। শুক্র ও শনিবার হাওরে পর্যটক থাকেন বেশি। এই দুই দিন বিক্রিও হয় বেশি।
হাওরের গোলাবাড়ি গ্রামের সাব্বির আহমদের (১৫) নৌকায় ১০টি লাইফ জ্যাকেট। সেগুলো পর্যটকদের ভাড়া দেয় সে। ভাড়া কারও কাছ থেকে ২০ টাকা, কারও কাছ থেকে ৩০ টাকা নেয়। তাঁর আরেক ভাই নিজাম (১২) একইভাবে আরেকটি নৌকায় লাইফ জ্যাকেট নিয়ে ঘুরছে। সাব্বির বলছিল, তার মতো অনেকেই দোকান, কেউ লাইফ জ্যাকেট নিয়ে আসে প্রতিদিন। তাদের অনেকেই স্কুলে যায় না।
হাওরের পর্যবেক্ষণ টাওয়ারের কাছাকাছি গিয়ে দেখা যায়, সারি সারি হিজল ও করচগাছের পাশে পর্যটকবাহী বড় বড় নৌকাগুলো রাখা। পর্যটকদের কেউ কেউ স্বচ্ছ জলে নেমে জলকেলি করছেন, কেউ সাঁতার কাটছেন। কেউবা নৌকায় বসে শুনছেন গান। এর মধ্যে পর্যটকদের কাছে ছুটে যাচ্ছে আরও কিছু ছোট ছোট নৌকা। এসব ছোট ছোট নৌকাই একেকটি ‘দোকান’। চা, বিস্কুট, বোতলজাত পানি, চিপস, পান-সিগারেট, কলা, বাদামসহ নানা পণ্য আছে এসব দোকানে।
উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের অবস্থান। জেলা শহর থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটার। টাঙ্গুয়ার হাওর বিশ্ব ঐতিহ্যের অংশ। হাওরের উত্তরেই ভারতের মেঘালয় পাহাড়। এখানে এলে পর্যটকেরা একসঙ্গে হাওর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। অনেকেই নৌকায় রাত যাপন করেন হাওরে। এটি পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।
এএস // আতারা