২২ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে বজায় রাখতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার (২২ অক্টোবর) আজকের সিলেটকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া শাখা।
তারা জানায়, পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে র্যাব-৯। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য রিজার্ভ রাখা হয়েছে বলেও জানিয়েছে মিডিয়া শাখা।
পূজা চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে র্যাব-৯। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এছাড়াও দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে এবং কোনো সাইবার অপরাধ সংঘটিত করতে না পারে সেজন্য র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে।
এএস // আতারা