২১ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে কৃষকমুখে স্বপ্নের হাতছানি : আমনের বাম্পার ফলন সম্ভাবনা

শেয়ার করুন

হেলাল আহমেদ বাদশাহ : সিলেটের গোয়াইনঘাটে এবারও আমন ধানের বাম্পার ফলন সম্ভাবনা রয়েছে। উপজেলার মাঠে মাঠে দোল খাচ্ছে রোপায়িত আমন ধান। মৃদু বাতাসের দোলায় কৃষকের ক্লান্তিকে মিলিয়ে দিতে খেতগুলো যেন সদা তৎপর। খেতগুলো দেখলে “ধনে-ধানে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা” কথাটির স্বার্থকতা খুঁজে পাওয়া যায়। হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের ফলে রোপিত ধান গাছের বুকচিরে বেরিয়েছে কৃষকের স্বপ্ন। খুবই ভালোভাবে বের হচ্ছে সোনালি আভার ধানের শীষ। লক্ষ্য অর্জনের দিন গুণছেন এ অঞ্চলের হাজারো কৃষক।

গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  চলতি মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়নে এ বছর হাইব্রিড এবং উফসী মিলে মোট ১৬ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । চাষ হয়েছে ১৬ হাজার ৭৩৩ হেক্টর জমিতে। গতবারের তুলনায় এবার বেশি আবাদ হয়েছে।


সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ধান গাছের বুকচিরে বেরিয়ে আসতে শুরু করেছে কৃষকের স্বপ্ন। এলাকার কৃষকরা জানান, ‘আমরা চারা লাগানোর পর থেকে নিয়মিত পরিচর্যা করছি। নিয়মিত দেখাশোনা না করলে আগাছা ও পোকায় ধরে ফেলে। আমরা পোকা-মাকড় ও ইঁদুর নিধনের জন্য ফাঁদসহ ব্যবহার করছি আধুনিক পদ্ধতি।’

কৃষকরা বলছেন, ধানের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকূল রয়েছে। ধান কাটা থেকে মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছেন তারা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, অনুকূল আবহাওয়া এবং ফসলের মাঠে কৃষকের নিবীড় পরিচর্যা ও সময়মতো সার-কীটনাশক প্রয়োগের কারণে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা কর‌ছি। উপজেলায় পুরোদমে ধান কাটা ও মাড়াই-এর কাজ শুরু হবে চলতি কার্তিক মাসের শেষ দিকে।আমন ধান কাটা ও মাড়াইয়ের জন্য মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

এএস // আতারা

শেয়ার করুন