১৪ অক্টোবর ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় মদসহ আলমাছ উদ্দিন এনু মিয়া (৫২) নামে এক জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ দেওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
আটককৃত আলমাছ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের আলমাছ উদ্দিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তার বাড়িতে অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার (ওসি) রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আলমাছ উদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজকের সিলেট / সৈয়দ রাসেল / জনি কান্ত শর্মা