১১ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : নিখোঁজের ৮দিনের মাথায় জকিগঞ্জের মাদরাসাছাত্র মো. মাহফুজ রিফাতকে উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১০ অক্টোবর) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে উদ্ধার করা হয় ।
জানা গেছে,মাদরাসায় পড়বে না বলে নিজ থেকে পালিয়েছিল রিফাত ।
আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, রিফাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদরাসার উদ্দেশে বের হবার পর সে মাদরাসায় যায় নি। এরপর থেকে তার আর কোনো খুঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
রিফাতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।
এএস // স.বি // আতারা