৯ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদি ইসরাইলের চলমান গণহত্যা, ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।
সমাবেশ পরবর্তী মিছিলে শিক্ষার্থীরা ‘লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলের সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণকে নির্যাতন করে যাচ্ছে। ‘শাহবাগীরা’ ইসরাইলে রকেট হামলা নিয়ে সমালোচনা করে, কিন্তু ইসরাইল যখন হামলা করে তখন তারা আওয়াজ তোলে না। নোয়াম চমস্কির ভাষায় বলতে চাই, আমাদের ওপর করা অত্যাচার থেকে মুক্তির জন্য রকেট হামলা করেছি। আল আকসা মুসলমানদের প্রথম কেবলা। সুতরাং সেটি রক্ষা করতে মুসলিমরা নিজেদের জীবন দিয়ে চেষ্টা করবে।
সমাবেশে ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক আবদুল্লাহ যোবায়ের বলেন, ১৯৭১ সালে আমাদের মা-বোনেরাও পাকিস্তানি বাহিনীর হাতে যেভাবে নির্যাতিত হয়েছেন, ফিলিস্তিনেও দীর্ঘদিন ধরে মা-বোনেরা নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হিসেবে তাদের ব্যথাটা আমরা অনুভব করতে পারি। বাংলাদেশ সরকারও স্বাধীনতা লগ্ন থেকেই ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে আসছে। আজ আমরা সেই সংহতি জানানোর জন্যই একত্রিত হয়ে হয়েছি।
এএস // আতারা