৮ অক্টোবর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে সুমন (২৫) নামে এক শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-আখাউড়া সেকশনের ছাতিয়াইন (রতনপুর) রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে।
জানা যায়, পাহাড় থেকে জালানি কাঠ সংগ্রহ করে লাইনের উপর দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন সুমন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে।
মাধবপুর থানা ওসি রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট / জনি