৮ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে তলিয়ে গেছে হাজারো হেক্টর ফসলি জমি

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ, গোয়াইনঘাট থেকে : কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটে দেখা দিয়েছে বন্যা। বানের পানিতে তলিয়ে গেছে হাজার হেক্টর আমন ধানের ফসল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলায় ১৭৭৩৩ হেক্টর জমিতে আমন ফসলের আবাদ হয়েছে।গত তিন দিনের টানা ভারী বৃষ্টি পাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখো দিয়েছে। এ বন্যায় আংশিক ও সম্পূর্ণভাবে প্রায় হাজার হেক্টর আমনের ফসল পানিতে ডুবে গেছে। এছাড়া ১৭ হেক্টর নাগা মরিচসহ শীতকালীন সবজি তলিয়ে গেছে।

জানা যায়, উপজেলার আলীরগাঁও নোয়াগাঁও, খুরি, লক্ষনছড়া, গাছলাউরা, বাদেবাশা, মনাইকান্দি বুগইলকান্দি পশ্চিমপার, সুলতানপুর, দেড়িখাই বাগাবন্দ ইসলামাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় উজানের ঢলে গোয়াইন ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকার জমির রোপা আমন, মরিচ ও শীতের সবজিসহ ফসল পানির নিচে তলিয়ে গেছে। অসময়ের এ বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার কৃষকগন।

কৃষকরা জানান, যে বন্যার ভয়ে তারা ধান রোপণ করতে দেরি করেছে অথচ সেই পানিতেই ডুবছে তাদের সোনালী সবুজ ধানসহ নানা ফসল। ধান ও রবি শস্য ডুবে যাওয়ায় আগামী দিনগুলোর চিন্তায় তারা উদ্বিগ্ন।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,এই সময়ে সাধারণত বন্যা দেখা যায় না,এবার অসময়ের বন্যায় তলিয়ে গেছে উপজেলার প্রায় হাজার হেক্টর আমন ফসল ও ১৭ হেক্টর নাগা মরিচ সহ শীতকালীন সবজির ফসল।তিনি জানান,বন্যার পানি দ্রুত চলে গেলে আমন ফসলের ক্ষতি কম হলেও শীতকালীন সবজির ক্ষতির হবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকায় ভারী বৃষ্টিপাত বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন