৭ অক্টোবর ২০২৩


সেপ্টেম্বরে সিলেটের সড়কপথে ঝরল ২৯ প্রাণ

প্রতীকী ছবি

শেয়ার করুন

 

আবু তালহা রায়হান : গেল সেপ্টেম্বরে সিলেট বিভাগজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন।একই সময়ে আহত হয়েছেন ১০৬ জন। শনিবার (৭ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হকের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়,গতমাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন। তবে সারাদেশের তুলনায় সবচেয়ে কম দুর্ঘটনা সিলেটে । আর ১১৪ টি সড়ক দুর্ঘটনা নিয়ে সবার শীর্ষে রাজধানী ঢাকা । বিভাগটিতে ১১৮ জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন ।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

এসব দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, সংঘটিত মোট দুর্ঘটনার ৩৭.০৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৯.১০ শতাংশ ফিডার রোডে হয়েছে।

যাত্রীকল্যাণ সমিতির মতে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে— ট্রাফিক বিভাগের অনিয়ম-দুর্নীতি বৃদ্ধি, ট্রাফিক আইনের অপপ্রয়োগ, দুর্বল প্রয়োগ, মোটরসাইকেল-ব্যাটারিচালিত রিক্সা ও তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচল; সড়ক-মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা। রাতের বেলায় ফগ লাইটের অবাধ ব্যবহার; চলতি বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি; যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি এবং অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়াভাবে যানবাহন চালানো।

শেয়ার করুন