৫ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : চাকুরী স্থায়ীকরণ, বেতন-ভাতা নিয়মিতকরণ ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিতকরণের ৩ দফা দাবিতে সিলেটে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘সিমেবি কর্মচারী পরিষদ’ এর উদ্যোগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করা হয়।
মানবপ্রাচীর কর্মসূচিতে বিভিন্ন ধরনের প্লে কার্ড পদর্শন করেন তারা। প্লে কার্ডে উল্লেখ্যযোগ্য লেখাগুলো হলো, “না খেয়ে আর কতকাল, এবার চাই অধিকার। ভিক্ষা নয়, বেতন চাই, অনুগ্রহ নয়, চাকুরী চাই। আর নয় কালক্ষেপণ, আমরা চাই বেতন ভাতা নিয়মিতকরণ, হয় স্থায়ীকরণ, না হয় মরণ। আমি ক্ষুধার্ত, খাবার চাই না, বেতন চাই।”
সিমেবি কর্মচারী পরিষদের সদস্য সচিব নাদিম সীমান্ত জানান, ৩ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আরও কঠোর কর্মসূচীর ডাকা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
দাবিগুলো হলো, নিঃশর্তে সকল পর্যায়ের কর্মচারীদের চাকুরী স্থায়ী করতে হবে। প্রায় ১ বছর যাবত বেতন বন্ধ থাকায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই অনতিবিলম্বে সকল বকেয়া বেতন-ভাতাদি পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিত করতে হবে। কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবিলম্বে নিজস্ব স্থায়ী জায়গায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এএস // স.বি // আতারা