৩০ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগমুহূর্তে বেশ বড়সড় ধাক্কার মুখে পড়ে টিম বাংলাদেশ। ফুটবল অনুশীলনকালে চোট পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে গুঞ্জন উড়িয়ে এবার স্বস্তির খবর দিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
এরপরই সুজন বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’
উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ।
এএস // আতারা