২৯ সেপ্টেম্বর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার পুলিশের পৃথক অভিযানে ৩৬ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহমান বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের রুছমত আলী’র পুত্র।
জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের জালাল উদ্দীন’র বসতবাড়িতে অভিযান চলিয়ে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জালাল উদ্দিন।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ইউনিয়নের পিয়াজপট্টিতে একটি দোকানে ১২ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমানকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার (ওসি) বদরুল হাসান জানান, আটককৃত চোরাকারবারি আব্দুর রহমান ও পলাতক আসামী জালাল উদ্দীন পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট / জে কে এস ( জনি কান্ত শর্মা )