২৯ মার্চ ২০১৮


মাহিদ হত্যার ঘটনায় রিমান্ডে ছিনতইকারী রাসেল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিদ আল সালাম হত্যার ঘটনায় রাসেল নামের আরো ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাসেলকে গ্রেফতারের পর দুপুরে আদালতে তোলা হয়। রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ায় তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এনিয়ে হত্যাকান্ডের মামলার চার আসামীর মধ্যে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। অন্যজনকেও গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনার পরদিন মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা এলাকা থেকে মির্জা আতিক নামের আরেক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারের পর পুলিশের নিকট পুরো ঘটনার বর্ণনা দেয় আতিক। পরে আদালতে স্বীকারোক্তিও দেয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে তায়েফ মো: রিপনকে (২৩) গ্রেফতার করা হয়। রিপনকে বুধবার দুপুরে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার দিবাগত রাত ১টার দিকে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। অধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন