২৪ সেপ্টেম্বর ২০২৩


ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ ৫ জন কারাগারে

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক :

রাজধানী ঢাকার পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাদের। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই সুমিত কুমার সাহা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেল শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে আগে থেকে ক্লোজড হয়ে থাকা দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামিরা হলেন- ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আসিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

এএস // আতারা

শেয়ার করুন