১৯ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ২৫ মামলার আসামী দুই ডাকাতকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশ।রোববার (১৭ সেপ্টেম্বর) নগরের কাজীরবাজার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাড়ুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী ওরফে বাটন (৩৯) ও একই জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বুল্লা এলাকার শহিদ মিয়ার ছেলে মো. লুৎফর রহমান (২৫)।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ফজর আলী ওরফে বাটনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। আর লুৎফর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইসতেখার গণি তাজেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। বসত ঘরের প্রধান ফটকের তালা ও ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ১০/১২ জন ডাকাত ঘরে ঢুকে। পরিবারের সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৮১ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার পরপর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার চার দিনের মাথায় এ দুই আসামিকে গ্রেফতার করে।