১৭ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস রিপোর্টার
একাধিক ক্রিকেটার চোটে থাকায় এবারের এশিয়া কাপ আসরে বলতে গলে প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই আসর শুরু করেছিল লঙ্কানরা। কিন্তু সময় যত গড়িয়েছে মাঠের পারফরম্যান্স দিয়ে ততই অবাক করেছেন তারা । তবে ফাইনালের বড় মঞ্চে এসে অবিশ্বাস্য ছন্দপতন ঘটে দাসুন শানাকার দলে। ঘরের মাঠে খেলতে নেমে লজ্জার হার পায় তারা। এক মোহাম্মদ সিরাজই শেষ করে দেন শ্রীলঙ্কাকে। একাই নেন ৬ উইকেট। মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
ওয়ানডে ইতিহাসে এটি কোনো দলের নবম সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড, শ্রীলঙ্কার ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে সবকটি উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে তুলতে পেরেছে ৫০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দলের ৯ ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ। ৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভার ১ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এএস // আতারা